র্যাবের অভিযান, অনলাইন জুয়ার চার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
রংপুর ও দিনাজপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চারজন মাস্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে নিয়মিত গোয়েন্দা নজরদারি, সাইবার স্পেস মনিটরিং ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল অভিযান চালায়।
প্রথম অভিযানে ২৪ জুন রাত ১২টা ১০ মিনিটে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. শাফিউল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ল্যাপটপ ব্যাগ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুয়াতপুর হামিদপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. শাহীন মিয়া (২৪), মো. রানা মিয়া (২৫) এবং মো. নাহিদ হাসান (২৬)।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করতেন। বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি বিকাশ, নগদ ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জুয়ার অর্থ লেনদেন করতেন।
র্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন জুয়া, ক্যাসিনো ও সাইবার অপরাধ প্রতিরোধে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

















