ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ভারত ভ্রমণের অপেক্ষার অবসান, খুলল ভিসার দরজা

- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দীর্ঘ দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
হাইকমিশনার বলেন, পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের ভ্রমণ কার্যক্রমে নতুন সুযোগ তৈরি হচ্ছে।
উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা বন্ধ রাখা হয়।
সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ১২ জুন তিনি বাংলাদেশে পৌঁছান।
বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।

















