রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরেক মেয়ে

- সংবাদ প্রকাশের সময় : ০২:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মর্মান্তিক ঘটনায় মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক মেয়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলেন—শাহিনুর বেগম (৪০), তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। আহত মেঝো মেয়ে ইকরা আক্তার (১৭) রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শাহিনুর বেগমের স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর তিনি তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহিনুর বেগম, সায়মা আক্তার ও শিফা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত ইকরা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, হাসপাতালে পাঁচজন আহত অবস্থায় এসেছিলেন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত ও আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়রা এক যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকেও লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে পুলিশের ৬ থেকে ৭ জন সদস্য আহত হয়েছেন।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ বলেন, ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সন্দেহভাজন এক যুবককে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘদিন ধরে রায়পুরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
















