সংসদে জানালেন নৌপরিবহন মন্ত্রী
নদীর বুকে দখলের রাজত্ব, তালিকায় ২২ হাজার নাম

- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দেশের নদ-নদীতে অবৈধ দখলদারের সংখ্যা প্রায় ২২ হাজার। জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী, সারা দেশে ১ হাজার ৪১৫টি নদ-নদীতে ২১ হাজার ৯৮৮ জন অবৈধ দখলদার রয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতের সংসদ সদস্য মো. কামরুল হাসানের প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়।
নৌপরিবহন মন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও নদী সংশ্লিষ্টদের সহায়তায় দেশের নদ-নদীর তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী দেশে মোট নদীর সংখ্যা ১ হাজার ৪১৫টি।
তিনি বলেন, নদী রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার পাশাপাশি পৃথক নদী আদালত প্রতিষ্ঠার বিধান রাখা হচ্ছে।
এ ছাড়া নদী দখল-সংক্রান্ত অভিযোগের তদন্ত, দূষণের ক্ষতিপূরণ নির্ধারণ ও আদায়, মামলা দায়ের এবং তদারকির বিষয়েও আইনি কাঠামো যুক্ত করার প্রস্তাব রয়েছে বলে জানান তিনি।
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ২০২৫ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তালিকায় দেশের নদ-নদীর ২১ হাজার ৯৮৮ জন অবৈধ দখলদারের তথ্য পাওয়া গেছে।

















