কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন

- সংবাদ প্রকাশের সময় : ০২:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দেশের প্রখ্যাত বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। শিল্পীর চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য তার হাতে নগদ এক লাখ টাকা সহায়তা তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত সুফিয়া একাডেমি ভবনে এ সহায়তা দেওয়া হয়। এ সময় এবিজি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. আমিনুল ইসলাম কাঙালিনী সুফিয়ার হাতে অর্থ তুলে দেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আমির হোসেন মিয়াও উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন সূত্র জানায়, অর্থাভাবে কাঙালিনী সুফিয়ার চিকিৎসা ব্যাহত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি তাদের নজরে আসে। পরে তার চিকিৎসার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেয় এবিজি ফাউন্ডেশন।
সহায়তা পাওয়ার পর কাঙালিনী সুফিয়া বলেন, কয়েকদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন। অর্থ সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিলেন না। এর মধ্যে পড়ে গিয়ে তার ডান হাতও ভেঙে গেছে। এমন সময়ে চিকিৎসার জন্য সহায়তা পাওয়ায় তিনি এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত ১১ জুন রাজবাড়ীতে নিজ বাড়ির বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন কাঙালিনী সুফিয়া। এরপর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন আর্থিক সংকটের কারণে তার চিকিৎসাও ব্যাহত হচ্ছিল। এবিজি ফাউন্ডেশনের সহায়তায় তার চিকিৎসা কার্যক্রম আবারও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
















