মির্জা ফখরুল
বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বিএনপি কোনো রেজিমেন্টভিত্তিক দল নয়, বরং এটি একটি উদারপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (১৪ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমান আরও দশ বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত।” তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জিয়াউর রহমানকে ভুলভাবে উপস্থাপন করেছে। তাঁর ভাষায়, “তিনি শুধু একজন রাষ্ট্রনায়ক নন, একজন মহানায়কও ছিলেন।”
বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়া রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের সত্ত্বা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, “গণতন্ত্রকে একটি কার্যকর শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ জিয়া। দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করারও চেষ্টা করেছিলেন তিনি।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তারেক রহমানের মধ্যে শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যায়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আবারও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
























