আরডিএ’র নেতৃত্বে সুইট, শুরু নতুন দায়িত্ব
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির বর্তমান সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।
রোববার (১৪ জুন) সকালে রাজধানীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম-এর নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহীবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহীর পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে আরডিএকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
জানা গেছে, সোমবার রাজশাহীতে আরডিএ কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।
উল্লেখ্য, গত ১১ জুন রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী এক বছরের জন্য তাকে আরডিএ চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগের শর্ত অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষর করেন।





















