বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল
- সংবাদ প্রকাশের সময় : ০১:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল। দলের অন্যতম প্রধান তারকা নেইমার জুনিয়র চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
শনিবার মরক্কোর বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেন, নেইমার এখনো ম্যাচ ফিট নন।
আনচেলত্তি বলেন, পুনর্বাসন প্রক্রিয়ায় নেইমার কঠোর পরিশ্রম করছেন এবং দ্রুত মাঠে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর আশা, আগামী সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি দলীয় অনুশীলনে ফিরতে পারবেন।
ফলে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলকে খেলতে হবে তাদের সবচেয়ে অভিজ্ঞ আক্রমণভাগের তারকাকে ছাড়াই। যদিও কোচিং স্টাফের ধারণা, গ্রুপ পর্বের পরের দুই ম্যাচ—হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে পাওয়া যেতে পারে।
জাতীয় দলের হয়ে নেইমারের সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে। এরপর দীর্ঘ ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। বিশ্বকাপ দলে তার অন্তর্ভুক্তি নিয়েও আগে থেকেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত অভিজ্ঞতার বিবেচনায় তাকে স্কোয়াডে রেখেছে কোচিং স্টাফ।
তবে প্রথম ম্যাচে তার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে মরক্কোর জন্য এটি বাড়তি আত্মবিশ্বাসের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
























