সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক তামিম
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (৭ জুন) মিরপুরের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে ভোটারদের রায়ে ১২ জন পরিচালক নির্বাচিত হন।
নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
এবারের নির্বাচনে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে থাকেন তামিম ইকবাল। তার পরেই ৭২ ভোট করে পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ৭৪ জন কাউন্সিলর সরাসরি ও ই-ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ পরিচালক নির্বাচিত হতে পারেননি।
ক্রিকেট অঙ্গনের অনেকের মতে, তামিম ইকবালের বোর্ডে অন্তর্ভুক্তি বিসিবির প্রশাসনে নতুন মাত্রা যোগ করবে এবং মাঠের অভিজ্ঞতা নীতিনির্ধারণী পর্যায়ে কাজে লাগবে।


























