মতিঝিলে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে এক ব্যক্তিকে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিট থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। এতে লোকমান (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাত দুর্বৃত্ত জনতা ব্যাংকের সামনে আসে। তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায় এবং তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তাঁর হাত ও পায়ে গুলি লেগেছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকমান একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। তিনি শাপলা চত্বর এলাকায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের তথ্য আগে থেকেই দুর্বৃত্তদের কাছে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।





















