বিসিবির সভাপতি তামিম ইকবাল
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ার পর এবার সভাপতি পদেও নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সভাপতি পদে তিনি ছিলেন একমাত্র প্রার্থী। ফলে কোনো ভোটাভুটি ছাড়াই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন তিনি।
রোববার (৭ জুন) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে থাকেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া নির্বাচিত অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
নতুন বোর্ডে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট প্রদান করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো, যার কেন্দ্রবিন্দুতে থাকছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল।






















