এনসিটিবি ও চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
শিক্ষা প্রশাসনে চলমান পুনর্বিন্যাসের অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, যশোর, বরিশাল ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৭ জুন) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা, যিনি এতদিন চট্টগ্রাম কমার্স কলেজ-এর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন—
- ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড: অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান (সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক, ময়মনসিংহ শিক্ষা বোর্ড)
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড: অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান (সাবেক সচিব, কুমিল্লা শিক্ষা বোর্ড)
- যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড: অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম (অধ্যক্ষ, হাজি মুহাম্মদ মহসিন কলেজ)
- বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড: অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম (উপাধ্যক্ষ, সরকারি ব্রজমোহন কলেজ)
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষা খাতে প্রশাসনিক সংস্কার ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনছে। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
সর্বশেষ এই নিয়োগগুলোও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।





















