হাইকোর্টের রায়ে বিসিবি নির্বাচনের পথ পরিষ্কার, রিট খারিজ
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আয়োজনের ওপর আর কোনো আইনি বাধা থাকছে না। নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।
আদালতের এ আদেশের ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পথ পুরোপুরি উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে গত ১৮ মে বিসিবির সাধারণ পরিষদ (জেনারেল কাউন্সিল) গঠন ও ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন।
রিটকারীরা অভিযোগ করেন, গত ৬ মে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা জেলা প্রশাসকদের কাছে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান। ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে তারা আদালতের দ্বারস্থ হন।
আরমানুল ইসলাম নয়নের সঙ্গে রিটে অংশ নেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।























