অবশেষে জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
- সংবাদ প্রকাশের সময় : ১১:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে আদালতের দেওয়া জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলায় তিনি আদালত থেকে জামিন লাভ করেন।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন। ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও ১৭ মে আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি।
এর আগে ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ পৃথক ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। পরবর্তীতে সব মামলায় জামিন বহাল থাকায় তার মুক্তির পথ সুগম হয়।
উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভী। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি।
কারামুক্তির সময় তার আইনজীবী আওয়াদ হোসেন, অন্যান্য আইনজীবী এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।






















