ব্যাংকের টাকায় বিদেশ সফরে কড়াকড়ি, নতুন নির্দেশনা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং স্বার্থের সংঘাত এড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত দেশে-বিদেশের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বুধবার (১৩ মে) জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে সই করেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউর রহমান খান।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে বা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।
এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক থেকে সেবা গ্রহণকারী বা বাংলাদেশ ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপেও অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
তবে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর অনুমতি সাপেক্ষে দেশে আয়োজিত কোনো সেমিনার বা আলোচনা সভায় বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নেওয়া যাবে। সেক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে— এমন কোনো প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম বা ওয়ার্কশপে সম্মানীর বিনিময়ে অংশগ্রহণ থেকে কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।





















