সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমার পদত্যাগ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) আঞ্জুমান আরা লিমা পদত্যাগ করেছেন। বুধবার (১৩ মে) তিনি পারিবারিক কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর দায়িত্ব পালন করা তার জন্য ‘গৌরব ও মর্যাদার’ বিষয় ছিল। তিনি আগামী ১৫ মে থেকে কার্যকরভাবে পদত্যাগ করতে চান বলেও জানান।
চিঠিতে আঞ্জুমান আরা লিমা লেখেন, বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে তার পক্ষে নিয়মিত উপস্থিত থেকে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, বিচার প্রশাসনে অবদান রাখার এবং রাষ্ট্রের সেবা করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞ। একইসঙ্গে কর্মকালীন সময়ে দপ্তরের সহকর্মীদের সহযোগিতা, দিকনির্দেশনা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।





















