নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে সন্ত্রাসীদের ‘না’ বলার আহ্বান
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
শিক্ষাঙ্গনে সহিংসতা ও আধিপত্যের রাজনীতি বন্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলছেন, বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে সংঘাত ও শক্তি প্রদর্শনের কারণে ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে সন্ত্রাসবিরোধী পদযাত্রার আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। কর্মসূচিটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
মুনতাছির আহমাদ অভিযোগ করেন, ছাত্রদল ও ছাত্রশিবির নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বরং অতীতের সহিংস রাজনীতির পুনরাবৃত্তি ঘটিয়ে শিক্ষাঙ্গনে ভীতি ও অস্থিরতার পরিবেশ তৈরি করছে।
তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির বিবেক গঠনের জায়গা। অথচ আজ অনেক ক্যাম্পাসে জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট হয়ে সহিংসতার সংস্কৃতি জায়গা করে নিচ্ছে।”
সংগঠনটি জানায়, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখতে তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে। একইসঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন শিক্ষার্থীদের প্রতি সন্ত্রাসবিরোধী অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
নেতারা সব ছাত্রসংগঠনকে প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে সহনশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলারও আহ্বান জানান।
সমাবেশ থেকে আগামী ২৬ এপ্রিল দেশব্যাপী সব ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।























