চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ ‘অন্যায়’: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা ‘অন্যায় ও চক্রান্তমূলক’ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ৪০-৪৫ বছর ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে জেলা প্রশাসকের মাধ্যমে খাসজমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওদাপাড়া এলাকার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পত্তি ঘিরে চলমান দখল ও উচ্ছেদ-সংক্রান্ত বিরোধ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “উচ্ছেদের আগে অন্তত ছয়-সাত দিনের সময় দেওয়া উচিত। হঠাৎ করে ঘরবাড়ি ভেঙে দেওয়া মানবিক নয়।” তিনি অভিযোগ করেন, অতীতের কিছু কর্মকর্তার গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অসহায় মানুষের পাশে থাকা সরকারের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
সাবেক সরকারের আমলে ভূমিদস্যুদের দৌরাত্ম্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, পুরোনো মালিকানার দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখলের সুযোগ নেই। তিনি ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনি লড়াই জোরদারের আহ্বান জানান এবং স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের পরামর্শ দেন। এ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সহায়তার কথাও জানান তিনি।
খাসজমি বণ্টনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি দেওয়ার ব্যাপারে সরকার আন্তরিক। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা জমি বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি হস্তক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে সকাল ১০টায় ক্ষতিগ্রস্তরা ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও তিন দফা দাবিতে অনশন শুরু করেন। পরে মন্ত্রী নিজে তাদের সঙ্গে কথা বলে পানি পান করিয়ে অনশন ভাঙান।






















