ঘোড়াঘাটে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুলিশি অভিযানে ১৬ পিস ইয়াবাসহ মো. রানা মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রানা মিয়া পালানোর চেষ্টা করলে কনস্টেবল আব্দুল গনি তাকে আটক করেন। আটক করার সময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ধস্তাধস্তির এক পর্যায়ে রানা মিয়া নিজেকে ছাড়িয়ে নিতে পুলিশ সদস্যকে কামড় দেন এবং পালানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশে থাকা বাঁশের বেড়ার কঞ্চির আঘাতে তিনি আহত হন।
পরে ঘটনাস্থলে উপস্থিত হন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে রানা মিয়ার কাছে থাকা একটি হজমির কৌটা থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মো. রাজা মিয়া জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।






















