এনসিপির পরিধি বাড়ছে, যোগ দিচ্ছেন বিএনপি নেতা ইসহাক সরকার
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বিভিন্ন রাজনৈতিক দল থেকে ধারাবাহিকভাবে যোগদানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পরিধি বাড়ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ এপ্রিল) দলটিতে বড় ধরনের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মী এদিন এনসিপিতে যোগ দিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রায় তিন হাজার নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগ দেবেন। তাকে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক করার বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ বিকেল ৩টায় এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটিকে দলটির অন্যতম বড় আয়োজন হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দলের সাংগঠনিক বিস্তৃতির স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও যোগ দিচ্ছেন শেরেবাংলা এ কে ফজলুল হক-এর নাতনি ফেরসামিন হক ইকবাল, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
এনসিপির একাধিক নেতা জানান, ইসহাক সরকারের নেতৃত্বে এই বড় যোগদান কর্মসূচির জন্যই বড় পরিসরে আয়োজন করা হয়েছে। ১৯৯৬ সাল থেকে সক্রিয় রাজনীতিতে থাকা ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন।
দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পরিচিত মুখ ও তরুণ নেতারা এনসিপিতে যোগ দিচ্ছেন এবং ইসহাক সরকারের বিষয়টি প্রায় চূড়ান্ত।
এদিকে এনসিপির আরেক নেতা জানান, বিভিন্ন দল থেকে অবহেলিত ও বহিষ্কৃত নেতাদের একটি অংশ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এনসিপিতে যুক্ত হচ্ছেন, যা দলটির সাংগঠনিক শক্তি বাড়াতে সহায়ক হবে।
উল্লেখ্য, এর আগে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, যোগদানের ক্ষেত্রে অতীত নয়, বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।























