ঢাকার সঙ্গে যুক্ত পূর্বাচল, সহজ হবে নাগরিক সেবা
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসা-এর আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত এই প্রকল্প এলাকার অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পটি তিনটি জেলার মধ্যে বিভক্ত থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা প্রদান এবং অবকাঠামোগত ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা দেখা দিচ্ছে।
বর্তমানে প্রকল্প এলাকা সিটি করপোরেশনের বাইরে থাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ বা সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ মৌলিক নাগরিক সেবাগুলো যথাযথভাবে নিশ্চিত করা যাচ্ছে না।
এছাড়া নিরাপত্তা জোরদারে প্রকল্প এলাকাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় আনা জরুরি বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা উন্নত করতে ঢাকা ওয়াসার অধীনে আনার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।
সরকার মনে করছে, পূর্বাচলের নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট অংশগুলোকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা যৌক্তিক।
এসব বিবেচনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবগুলোতে মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে।




















