নির্বাচনে মাদকাসক্ত প্রার্থী ঠেকাতে নতুন উদ্যোগ ইসির

- সংবাদ প্রকাশের সময় : ১১:১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিধান না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন আদালত। রুলে জানতে চাওয়া হয়েছে, নির্বাচনে প্রার্থীদের মাদক পরীক্ষা বাধ্যতামূলক করার বিধান কেন প্রণয়ন করা হবে না।
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আলোচনা শুরু হয়েছে। গত ১৮ নভেম্বর হাইকোর্টের আদেশটি গ্রহণ করে ইসি। এরপর ২৬ নভেম্বর বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন কমিশনের কর্মকর্তারা। আগামী ১৫তম কমিশন সভায় এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে। সভায় আলোচনা না হলে সংশ্লিষ্টদের কাছে ফাইল পাঠিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের আদেশটি ইসির আইন বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সবকিছু যাচাই করে আদালতের কাছে কমিশনের অবস্থান তুলে ধরা হবে।
রিটে যেসব দাবি
সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি জনস্বার্থে এ রিট আবেদন করেন। এর আগে গত ১৬ আগস্ট তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে কোনো জবাব না পেয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।
রিটে শুধু প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি জানানো হয়নি। এ-সংক্রান্ত প্রয়োজনীয় বিধান প্রণয়ন ও কার্যকর না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সব প্রার্থীকে সরকার অনুমোদিত পরীক্ষাগার বা হাসপাতালে ডোপ টেস্ট করাতে হবে। পরীক্ষার ফলাফল মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে হবে। পরীক্ষায় নিষিদ্ধ মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করতে হবে। কেউ ডোপ টেস্ট করাতে অস্বীকৃতি জানালেও তাঁকে অযোগ্য ঘোষণার ব্যবস্থা রাখার দাবি জানানো হয়েছে।
হাইকোর্টের রুলে সাত বিবাদী
গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন।
রুলে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য সরকার অনুমোদিত পরীক্ষাগার বা হাসপাতালে ড্রাগ/ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিধান প্রণয়ন করা হবে না কেন, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষায় মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে কিংবা পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট প্রার্থীকে অযোগ্য ঘোষণার বিধান করা হবে না কেন, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন আদালত।
এ রুলে সাতজনকে বিবাদী করা হয়েছে। তাঁরা হলেন মন্ত্রিপরিষদসচিব, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক।
ইসির কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
মাদকাসক্ত ব্যক্তিরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে তাঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁর মতে, একজন প্রার্থী মাদকমুক্ত হলে মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান আরও জোরালো হতে পারে। এতে সমাজে মাদকের ভয়াবহতা কমানোর সম্ভাবনাও তৈরি হবে।
ওই কর্মকর্তা বলেন, জনপ্রতিনিধিদের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। একজন প্রার্থী মাদকাসক্ত হলে তাঁর নেওয়া কিছু সিদ্ধান্ত সমাজের মানুষের ক্ষতির কারণ হতে পারে। এ কারণে ইসির অনেকেই আদালতের আদেশটিকে ইতিবাচকভাবে দেখছেন। তবে আদালতের আদেশ নিয়ে সাধারণত কমিশন সরাসরি মন্তব্য করে না।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আদালত থেকে একটি আদেশ এসেছে। আমাদের আইন বিভাগে সেটি পরীক্ষাধীন। সবকিছু যাচাই করে আমরা আদালতের কাছে আমাদের অবস্থান তুলে ধরব।’
অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এখন পর্যন্ত এ-সংক্রান্ত আইন হয়নি। আইন থাকলে এ বিষয়ে আমাদের মন্তব্য থাকত। সরকার যদি মনে করে, আইন করে প্রার্থীদের ডোপ টেস্ট করাবে, আমাদের কোনো আপত্তি নেই। সরকার আইন করলে ইসি তা বাস্তবায়ন করবে।’
মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্টের গুরুত্ব
মাদকের বিস্তারকে কেন্দ্র করে সামাজিক অপরাধ, পারিবারিক কলহ, সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারি চাকরি ও ক্রীড়া ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও এ ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
এমন প্রেক্ষাপটে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাদক গ্রহণের বিষয়টি যাচাইয়ের দাবি উঠেছে। তবে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হলে প্রয়োজনীয় আইন ও বিধান প্রণয়ন করতে হবে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত এবং হাইকোর্টের রুলের জবাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে।


























