শূন্য ঘরে সন্তান হারানোর কান্না কবির-আমেনার
আরাফাতের পর চলে গেল ১০ মাসের বক্কর
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বড় ছেলে আরাফাতের কবরের মাটি তখনো শুকায়নি। এর মধ্যেই চিরবিদায় নিতে হলো ১০ মাসের ছোট্ট আবু বক্করকেও। এক সপ্তাহের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন দিশাহারা বাবা মোহাম্মদ কবির ও মা আমেনা বেগম। সন্তানদের বাঁচাতে হাসপাতালের এক দরজা থেকে আরেক দরজায় ছুটেছেন বাবা। নিজের সঞ্চয় শেষ করেছেন, আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করেছেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো চেষ্টাই কাজে আসেনি। দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ কবিরের কণ্ঠে এখন শুধু আক্ষেপ—‘আমি শেষ হয়ে গেলাম, ভাই।
রোববার (৮ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট্ট আবু বক্কর। এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মৃত্যু হয় তার বড় ভাই নূর মোহাম্মদ আরাফাতের (১০)। আরাফাত চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
দুই সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। ৩১ বছর বয়সী মোহাম্মদ কবির চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার ১ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানো-নামানোর কাজ করে মাসে আয় করতেন প্রায় ২০ হাজার টাকা। এর মধ্যে ছয় হাজার টাকা ব্যয় হতো বাসাভাড়ায়। বাকি অর্থে চলত চার সদস্যের সংসার।
২৯ বছর বয়সী আমেনা বেগম গৃহিণী। বড় ছেলে আরাফাতের মৃত্যুর সময় তিনি হাসপাতালে ছিলেন। এক সন্তানের মৃত্যুর শোক সামলে ওঠার আগেই হারালেন অন্য সন্তানকেও। শুক্রবার বড় ছেলেকে দাফন করে আসেন কবির। সেই শোকের রেশ কাটার আগেই রোববার রাতে ছোট ছেলের নিথর দেহ নিয়ে ফিরতে হলো তাঁকে।
পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় দুই সপ্তাহ আগে জ্বর, বমি ও কাশিতে আক্রান্ত হয় আরাফাত। প্রথমে তাকে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর ভর্তি করা হয় ইম্পেরিয়াল হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বড় ভাইয়ের মৃত্যুর পর ছোট বক্করের অবস্থাও ক্রমেই খারাপ হতে থাকে। রোববার সকালে চিকিৎসকেরা কবিরকে জানান, ছোট ছেলের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সন্তানের নিস্তেজ শরীর দেখে ভেঙে পড়েন তিনি। চিকিৎসকেরা বক্করের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে জানালেও আশা ছাড়তে পারেননি বাবা। পরিচিতজনদের কাছে সন্তানের জন্য দোয়া চেয়ে বলেছিলেন, ‘আমার ছোট ছেলেটার জন্য সবাই দোয়া করেন ভাই। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না।’
কিন্তু শেষ পর্যন্ত সেই আকুতিরও কোনো প্রতিদান মেলেনি। রোববার রাতেই মারা যায় বক্কর।
দুই সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিঃশেষ হয়েছে পরিবারের সামর্থ্য। হাসপাতাল বদল, চিকিৎসার ব্যয়, নির্ঘুম রাত আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছেন কবির। এখন সন্তানদের হারানোর বেদনায় বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। বিলাপ করে বলছেন, ‘আমার ছোট ছেলেটাও চলে গেল। পারলাম না তাকে বাঁচাতে। কী নিয়ে থাকব আমরা, কাকে নিয়ে থাকব।’
আবু বক্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান দিদারুল আলম। তিনি জানান, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
কবিরের সংসারে স্বচ্ছলতা ছিল না। তবু দুই সন্তানকে ঘিরেই ছিল তাঁর সব স্বপ্ন। বড় ছেলে আরাফাত স্কুলে যেত, আর ছোট বক্করের দিন কাটত মায়ের কোলে। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে দুই ছেলেকে নিয়েই ক্লান্তি ভুলতেন বাবা। সেই ঘরে এখন পড়ে আছে তাদের ব্যবহৃত জিনিসপত্র, রয়ে গেছে ছোট ছোট স্মৃতি। নেই শুধু দুই সন্তান।
এক সপ্তাহের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে কবির-আমেনার সংসারে নেমে এসেছে এমন এক শূন্যতা, যা কোনো কিছুর বিনিময়েই পূরণ হওয়ার নয়। যে দুই শিশুর হাসি-আনন্দে মুখর থাকার কথা ছিল ঘর, সেখানে এখন কেবল স্মৃতি আর স্বজন হারানোর কান্না।
























