তিন দিনে ৬২ লাখ টাকার মাদক জব্দ, সিলেটে ভয়াল বিস্তারের শঙ্কা

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সীমান্তপথে মাদকের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও সিলেট বিভাগে মাদকের বিস্তার দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নগর থেকে প্রত্যন্ত জনপদ—বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে ইয়াবা, বিদেশি মদ, গাঁজা ও অন্যান্য মাদক।
এরই মধ্যে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে হার্ডলাইনে রয়েছে প্রশাসন। গত তিন দিনে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ৬২ লাখ টাকার মাদক জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটজনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, অভিযানে সবচেয়ে বেশি মাদক উদ্ধার হয়েছে সিলেট জেলায়। সিলেট জেলা পুলিশ ও ডিবির অভিযানে ১২ হাজার ৪০০ পিস ইয়াবা এবং দক্ষিণ সুরমায় ১৮১ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা আরও ৪৮ বোতল বিদেশি মদ জব্দ করেছে।
অন্যদিকে, সুনামগঞ্জের দিরাইয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা এবং হবিগঞ্জের মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯।
ইয়াবার বড় চালান জব্দ
মঙ্গলবার (২৫ আগস্ট) বিয়ানীবাজারের চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে একটি নোহা গাড়ি থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
একই দিন জকিগঞ্জের ভরণ সুলতানপুর এলাকায় চেকপোস্টে ৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ সায়েদ আহমদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসব ইয়াবার মূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা।
এর আগে সোমবার রাতে জকিগঞ্জের দক্ষিণ বিপক এলাকায় অভিযান চালিয়ে আরও ৭০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে সিলেট ডিবি।
মদ ও গাঁজার চালানও উদ্ধার
বুধবার সকালে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল বা ১৮১ লিটার বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। উদ্ধার মদের আনুমানিক মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা।
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা বুধবার রাতে ধোপাগুল পয়েন্টে অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। এ ঘটনায় একজনকে আটক করে মামলা দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের দিরাইয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯-এর অভিযানে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।
সীমান্তপথেই বড় ঝুঁকি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলো মাদক পাচারের অন্যতম রুট। এসব এলাকায় নিয়মিত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। বড় চালান উদ্ধারের পাশাপাশি মাদকের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে অনলাইন জুয়াসহ অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে গত তিন দিনে যেসব মাদকের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে, তার পরিমাণ ৬১ লাখ ৭২ হাজার ৫০০ টাকা—অর্থাৎ প্রায় ৬২ লাখ টাকা। তবে এয়ারপোর্ট থানায় উদ্ধার ৪৮ বোতল এবং হবিগঞ্জে উদ্ধার এক বোতল বিদেশি মদের মূল্য এই হিসাবে ধরা হয়নি।





















