বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ৫ কিশোরীর

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে একই গ্রামের পাঁচ কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা মরা নদীর ধারে এ দুর্ঘটনা ঘটে। একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
নিহতরা হলো—মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আদিবা (৯), নেজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ পুরুষ মসজিদে ছিলেন এবং নারীরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পাঁচ কিশোরী বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের কাউকে না জানিয়ে তারা দলবেঁধে চর চাকলা মরা নদীর ধারে বন্যার পানিতে গোসল করতে যায়।
স্থানীয় বাসিন্দা কবিরুল ইসলাম জানান, পাঁচ কিশোরী একসঙ্গে পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই ডুবে যায়। তাদের কেউ সাঁতার জানত না বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একে একে পাঁচজনকে পানির নিচ থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
একই গ্রামের পাঁচ কিশোরীর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চর চাকলা এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।
স্থানীয়দের ভাষ্য, বন্যার পানি ও নদী-খাল এলাকায় শিশু-কিশোরদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক হওয়া জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পানিতে শিশুদের গোসল ও চলাচল বন্ধে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।



















