সবজিতে সামান্য স্বস্তি, মাছ-মাংস ও নিত্যপণ্যে চড়া দাম

- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে কিছুটা কমেছে সবজির দাম। সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজি মিলছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। তবে মাছ-মাংসের বাজারে স্বস্তি ফেরেনি। উল্টো ভোজ্যতেল, চিনি, আটা-ময়দাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন ক্রেতারা।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে। ১০ টাকা কমে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ বেড়েছে। ফলে লাউ ৭০ টাকা, চালকুমড়া ৬০ টাকা ও পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলার দামও কিছুটা কমে কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকায় নেমেছে।
তবে সবজির বাজারে সব পণ্যে স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় কাকরোল, ঝিঙা ও ধুন্দলের দাম বেড়েছে। বাজারভেদে এসব সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। পেঁপের দাম অপরিবর্তিত রয়েছে—কেজি ৪০ টাকা।
চিনি-তেলের বাজারেও অস্বস্তি
সবজিতে সামান্য স্বস্তি মিললেও নিত্যপণ্যের অন্য বাজারে বাড়ছে চাপ। খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে, যা এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১০ টাকা বেশি।
প্যাকেটজাত চিনির ক্ষেত্রেও বেড়েছে সর্বোচ্চ খুচরা মূল্য। প্যাকেটের গায়ে লেখা দাম ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে।
ভোজ্যতেল, আটা-ময়দাসহ প্রয়োজনীয় আরও কয়েকটি পণ্যে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। ফলে বাজারে পণ্যের সরবরাহ থাকলেও দামের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ বাড়ছে বিশেষ করে সীমিত আয়ের মানুষের মধ্যে।
সবজির বাজারে কিছুটা দাম কমলেও মাছ-মাংস ও নিত্যপণ্যের বাড়তি দামের কারণে সামগ্রিক বাজার পরিস্থিতিতে এখনো স্বস্তি ফেরেনি।





















