যশোরের ২৭৯১ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন ৮৭ কোটি টাকা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে যশোরের ২ হাজার ৭৯১ জন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ও অবসর তহবিলের অর্থ পেয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের একযোগে অর্থ প্রদান করা হয়। আইবিএসের মাধ্যমে সরাসরি তাঁদের ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হয়।
যশোরের ২ হাজার ৭৯১ জন শিক্ষক-কর্মচারীর জন্য দুটি তহবিল থেকে মোট ৮৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে কল্যাণ তহবিল থেকে ১ হাজার ৮২৫ জনকে ৪৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা এবং অবসর তহবিল থেকে ৯৬৬ জনকে ৪৩ কোটি ৪৭ লাখ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।
‘বঞ্চনা ও বৈষম্য ঘোচাতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী’
যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। তাঁদের এই বঞ্চনা ও বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ নিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের জীবনে আর্থিক স্বচ্ছলতা না থাকলে তাঁদের কাছ থেকে কাঙ্ক্ষিত অবদান পাওয়া কঠিন। আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষককে শিক্ষকতার পাশাপাশি বাড়তি আয়ের পথ বেছে নিতে হয়।
তিনি বলেন, বিষয়টি অনুধাবন করেই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক-কর্মচারীদের স্বচ্ছল ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।























