চীনে পূর্ণ বৃত্তিতে পিএইচডি করতে যাচ্ছেন যশোরের মেবি

- সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
যশোরের কৃতি শিক্ষার্থী মহাসিনা হক মেবি চীনের স্বনামধন্য Chang’an University-এ পূর্ণ সরকারি বৃত্তি (China Scholarship Council–CSC) নিয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।
তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের জুলাই পর্যন্ত চার বছরব্যাপী গবেষণাধর্মী উচ্চশিক্ষা কার্যক্রমে অংশ নেবেন। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন Ministry of Education of China-এর ইস্যুকৃত JW201 ফর্মের মাধ্যমে তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মহাসিনা হক মেবি এর আগে চীনের ইউনান ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি এবং চাং’আন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
২০১৫ সালে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা মাহবুবুল হক রবি এবং মা পারভীনা খাতুন, যিনি একজন শিক্ষক।
শিক্ষাজীবনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তার উল্লেখযোগ্য অর্জন। ২০১৯ সালে নরওয়ে সরকারের অর্থায়নে আফ্রিকার ছয়টি দেশ সফরের সুযোগ পান তিনি। ২০২০ সালে আন্তর্জাতিক চীনা ভাষা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি চীনে অধ্যয়নকালে ‘এক্সিলেন্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
সাংস্কৃতিক অঙ্গনেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০০৭ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘মঞ্চকুঁড়ি’ অনুষ্ঠানে তিনি পদক অর্জন করেন।
তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও স্থানীয়রা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সবাই আশা করছেন, উচ্চতর গবেষণার মাধ্যমে তিনি ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।




















