এইচএসসি পরীক্ষা
রাজশাহী বোর্ডে অংশ নিয়েছে ১ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে
সারাদেশের মতো রাজশাহী শিক্ষাবোর্ডেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এবার বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৭ হাজার ৫৭৮ জন বেশি।
রাজশাহী শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীদের মধ্যে ৭৩ হাজার ৫৭ জন ছাত্র এবং ৬৭ হাজার ৭৭৩ জন ছাত্রী। বোর্ডের অধীন আট জেলার ২০৮টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানান, ২০২৫ সালে এ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন। এর আগে ২০২৪ সালে ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন, ২০২৩ সালে ১ লাখ ৪০ হাজার ১১৫ জন এবং ২০২২ সালে ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ব্যবস্থাপনায়ও সুবিধা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, পরীক্ষা শুরুর প্রথম দিনে রাজশাহীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি ২৪টি ভিজিল্যান্স টিম পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছে।




















