জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আটক যুবক

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
নরসিংদীতে জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।
আটক মোহাম্মদ আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে সেই রশির অপর প্রান্তে ইট ঝুলিয়ে সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে ফেলে দিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে।
এরপর সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত করে আটক করে।
ওসি এ আর এম মামুন জানান, বৃহস্পতিবার সকালে ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

















