ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির অধীনস্থ চৌঠা, দাইনুর, সুন্দরা ও খানপুর বিওপি এবং তপসী স্থায়ী পোস্টে পৃথকভাবে পাঁচটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ১৯১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৫০ টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে।

























