গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক দুই বন্ধু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দেশীয় মদপানের পর সোহাগ মন্ডল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৭ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সোহাগের মৃত্যু হয়।
নিহত সোহাগ মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে। অসুস্থ দুই যুবক হলেন মজিবর রহমান ও সৈকত মন্ডল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে তিন বন্ধু একসঙ্গে দেশীয় মদ পান করেন। কিছু সময়ের মধ্যেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগের মৃত্যু হয়। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























