যশোর সীমান্তে বিজিবির অভিযান, চোরাই পণ্য জব্দ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪১ হাজার ৪৪০ টাকা।
বৃহস্পতিবার (৪ জুন) যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৯টি শাড়ি, ৩ কেজি জিরা, ৫৩ প্যাকেট ফুসকা, দেড় কেজি কিসমিস, ৩০টি খাদ্যপণ্য, ৪০৪টি চকলেট এবং ৫২২টি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















