দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেটে বরাদ্দ চেয়ে স্মারকলিপি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যানের সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়েদুল্লাহ গাজী। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরম্ভা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুদ্দৌলাহ এবং ইউপি সদস্য মো. তমেজুদ্দিন ও মো. মোফাজ্জেল হোসেন। সভা পরিচালনা করেন নাগরিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মো. মোহতাদির। সার্বিক সমন্বয় করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
স্মারকলিপিতে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, নারী, শিশু, প্রবীণ, বিধবা, তালাকপ্রাপ্ত ও স্বামী পরিত্যক্ত নারী এবং হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
এছাড়া ইউনিয়ন পরিষদের নির্ধারিত ৩৯টি কার্যক্রমের মধ্যে স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, সুপেয় পানির ব্যবস্থা, বৃক্ষরোপণসহ সাতটি খাতকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানানো হয়।






















