ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের পাঁচজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।





















