বিদ্যুৎ ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে
দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সবকিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে ব্যবস্থাপনার ত্রুটি দূর করা সম্ভব।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে জাতীয় বিদ্যুৎ ভবনে আয়োজিত জুম সভায় তিনি বলেন, এটি একটি নির্বাচিত সরকার এবং জনগণের কাছে সরকারের প্রতিটি স্তরকে জবাবদিহি করতে হয়। জেলা প্রশাসকরাও এর বাইরে নন।
প্রতিমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে এবং প্রশাসনের কর্মকর্তাদেরও সময়ের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রুফটপ সোলার সিস্টেমের মাধ্যমে দেশের বিদ্যুতের চাহিদার বড় একটি অংশ পূরণ করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে প্রথম ধাপে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয় ও হাসপাতালগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা গেলে তা দেশব্যাপী বিস্তৃত করার পথ তৈরি হবে এবং বিদ্যুৎ সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যুৎ সাশ্রয়বিষয়ক ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পর্যালোচনা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভা শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন।






















