বিদ্যুতের দাম বাড়ানো ‘গণবিরোধী’, বিক্ষোভের ডাক জামায়াতের
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (৩ জুন) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন বাজেটকে সামনে রেখে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টি করবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ চরম সংকটে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে।
তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণায় পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন চার্জও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।
জামায়াতের দাবি, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ওপর সরাসরি পড়বে। উৎপাদন ব্যয় বাড়ার ফলে নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় এবং বিভিন্ন প্রকল্পে অনিয়মের দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বিদ্যুৎ খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
একই সঙ্গে অবিলম্বে বিদ্যুতের নতুন মূল্যহার প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, জনস্বার্থ ও জনগণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের সব মহানগরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






















