হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২১০
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১০ জন।
বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ১ হাজার ২১০ জন শিশু সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে।
এদিকে, গত এক দিনে ৫৫ জনের শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ১৯১ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৬০ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ১৪২ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৯০ জন।
দেশজুড়ে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি ও অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।




















