ঈদে দেড় কোটি মানুষ বাড়ি ফিরবেন
- সংবাদ প্রকাশের সময় : ১১:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে
এ বছর ঈদে প্রায় দেড় কোটি মানুষ বাড়ি ফিরবেন। এরমধ্যে ১৭ শতাংশ মানুষ যাবেন নৌ পথে। এসব তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এদিকে ঘরমুখো মানুষের যাত্রা নিবিঘ্ন করতে ট্রেন ও গাড়ির আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
ঈদযাত্রাকে সামনে রেখে এরই মধ্যে নতুন করে সাজছে বিভিন্ন রুটের গণপরিবহন। তবে যাত্রীচাপ সামাল দিতে দৌরাত্ম্য বাড়ে ফিটনেসবিহীন গাড়িরও। পরিবহন বিশেষজ্ঞদের পরামর্শ নির্বিঘ্নে বাড়িফেরা নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে। অন্যদিকে, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যাত্রী হয়রানি বন্ধ ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস পরিবহন নেতাদের।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, এবার ঈদে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে গ্রামে ফেরা মানুষের প্রায় ৭৫ শতাংশই ফিরবেন সড়কপথে। এতে বেড়ে যায় গণপরিবহনের চাহিদা। তবে নতুন গাড়ি তৈরি বা পুরোনো গাড়ি মেরামত হলেও ঈদে চাহিদার তুলনায় গণপরিবহন সংকট যেন নতুন নয়।
আর এই সংকটকে পুঁজি করে বেশকিছু সুযোগসন্ধানী ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে যাত্রী পরিবহন করে। পথে পথে সৃষ্টি হয় দুর্ভোগ, যানজট। ঘটে দুর্ঘটনাও। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গত বছর ঈদে প্রায় ৩৫৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় ৩৬৭ জন। আহত হয়েছে অন্তত দেড় হাজার মানুষ। যা ২০২৩ সালের তুলনায় ৩৯.২০ শতাংশ বেশি।
পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হক বলেন, কর্তৃপক্ষ আছে। তাদের দেখা উচিত মহাসড়কে কী ধরনের গাড়ি নামছে। শুধু রং করে ফিটনেসবিহীন গাড়ি নামানো হচ্ছে কিনা।
ঢাকা পরিবহন মালিক সমিতির এম এ বাতেন বলেন, ‘সভাপতি সিটি সার্ভিসের প্রতিটা গাড়ির কোম্পানিকে নিয়ে মিটিং করেছি যেন এই সব গাড়ি লং রুটে না চলে। সাধারণত এইসব গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকে হালকা যানবাহন চালানোর।
এদিকে, এছর ঈদে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত আছে ১৭৫টি লঞ্চ। নৌ পথের নিরাপত্তায় সব নৌ বন্দরেই মোতায়েন করা হবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বাড়ানো হবে কোস্টগার্ড ও নৌ পুলিশ টহল। ঈদ ঘিরে সব নদী বন্দরে শুধু নৌ পুলিশেরই সদস্য থাকবে সাড়ে ৯০০।
২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধনের পর ধীরে ধীরে কমতে থাকে মানুষের নৌ পথের যাত্রা। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ। যারা বেশিরভাগই ছুটতেন লঞ্চে। তারাও ক্রমশই ঝুঁকতে থাকে সড়ক পথে।
লঞ্চ মালিকরা বলেছেন, পদ্মা সেতুর পাশাপাশি লঞ্চে যাত্রী কমার আরেক কারণ হলো গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিং ও দীর্ঘ যানজট। তারা বলছেন, সদরঘাটের মেট্রোরেলের স্টেশন করা গেলে এ খাতে হারানো যৌবন ফিরে আসতো।
নৌ পুলিশ সদর দপ্তরের ডিআইজি মিজানুর রহমান বলেন, এই বছর আমাদের যৌথ টহল থাকবে। নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী সদস্যরা মিলে টহল জোরদার করবে।’
ঈদের সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সদরঘাট বিআইডব্লিউটিএ অধীনে দুইজন মেজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। একইসাথে কোনো ফিটনেসহীন লঞ্চ যাতে না চলতে পারে সেবিষয়েও বিশেষ নজর থাকবে বলে জানান বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, কোনো যদি ত্রুটিযুক্ত নৌযান থাকে সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিবো। ঈদে নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের বাল্কহেড বন্ধ রাখা হবে।



























