ধর্মপাশায় বিশেষ ক্ষমতা আইনে আ’ লীগ নেতা গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন রুবেল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সোয়া দুইটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়।
এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন রুবেলকে শুক্রবার রাত সোয়া দুইটার দিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
























