ধর্ষকদের ফাঁসি চাইলেন সেই শিশুর মা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মারা যাওয়া শিশুটির মা বলেছেন, আমার মেয়ের সঙ্গে যারা খারাপ কাজ করেছে তাদের ফাঁসি চাই।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সামনে শিশুটির মা গণমাধ্যমকে এ দাবি জানান।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সিএমএইচ থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি মাগুরা নিয়ে যাওয়া হবে। সেখানে মেয়েকে দাফন করা হবে। আর আমার মেয়ের সঙ্গে যারা খারাপ কাজ করেছে তাদের ফাঁসি চাই।
বাংলাদেশ সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে জানায়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ (বৃহস্পতিবার) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি।
উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
এর আগে বৃহস্পতিবার আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ করে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে তার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘মাগুরায় শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে; দ্বিতীয় বার প্রায় ৩০ মিনিট কার্ডিও পালমোনারি রিসাসিটেশন (CPR) দেওয়ার পর রিভার্স করেছে।’
প্রেস উইং জানিয়েছে, শিশুটির ব্রেন ফাংশন করছে না। জ্ঞানের মাত্রা (জিসিএস) লেভেল-৩। পাশাপাশি রক্তচাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।
এর আগে, বুধবার দিবাগত রাত ১১টা ৪৯ মিনিটে বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটতে (পিআইসিইউ) চিকিৎসাধীন শিশুটির বুধবার চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। পরে কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের (CPR) মাধ্যমে তাকে স্থিতিশীল করা হয়। শিশুটির রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। পাশাপাশি শিশুটির রক্তচাপ ধীরে ধীরে কমে যাচ্ছে।
সিএমএইচ শিশুটির চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে পোস্টে বলা হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত ৮ মার্চ সন্ধ্যার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে গত ৫ মার্চ মাগুরা শহরতলীর একটি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। ৮ মার্চ মাগুরা সদর থানায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিশুটির ভগ্নীপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। এরই মধ্যে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।






















