ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করার সুপারিশ, রাজি নয় সরকার

- সংবাদ প্রকাশের সময় : ১২:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করার সুপারিশ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। তবে এ প্রস্তাবে সরকারের আগ্রহ নেই। নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেনও ছেলেদের বিয়ের বয়স কমানোর পক্ষে নন বলে জানিয়েছেন।
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী, বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। নির্ধারিত বয়সের আগে বিয়ে হলে তা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয় এবং এ জন্য শাস্তির বিধান রয়েছে।
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন আলোচনায় মন্ত্রী ছেলেদের বিয়ের বয়স ২১ বছর রাখার পক্ষে মত দিয়েছেন। চিকিৎসক হিসেবে নিজের বিবেচনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই বয়স কমানো ঠিক হবে না। সরকারও এ পরিবর্তন করবে না।
এ বিষয়ে রোববার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে প্রথম আলোকে মন্ত্রী বলেন, ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করা ঠিক হবে না।
আইনের ১৯ ধারা বাতিলের সুপারিশ
ইউএনএফপিএ বাংলাদেশের ওয়েবসাইটে গত ২৪ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাল্যবিবাহ নিরোধ আইন পর্যালোচনার বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হয়। সংস্থাটির মতে, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে বিবেচনা করা হলেও এর শিকার মেয়েদের বিয়ে বাতিলের সরাসরি কোনো আইনি ব্যবস্থা নেই।
আইনের ১৯ ধারায় বিশেষ বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আদালতের নির্দেশে এবং মা-বাবা বা অভিভাবকের সম্মতিতে বিয়ে হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না।
আইন পর্যালোচনায় বাল্যবিবাহ প্রতিরোধ ও বাস্তবায়নের ক্ষেত্রে আরও কয়েকটি দুর্বলতা চিহ্নিত করেছে সংস্থাগুলো। এর মধ্যে রয়েছে জন্ম ও বিবাহ নিবন্ধনের দুর্বলতা, জাল জন্মসনদ, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং এ ধরনের ঘটনায় সীমিতসংখ্যক মামলা দায়ের।
যৌথ সুপারিশে ইউএনএফপিএ ও ইউনিসেফ আইনের ১৯ ধারা বাতিল, ছেলে ও মেয়ে উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং শিশুর ইচ্ছায় বাল্যবিবাহ বাতিলের বিধান রাখার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শিশুদের অপরাধের দায় থেকে অব্যাহতি, অভিযোগ দায়েরের সময়সীমা ছয় বছর নির্ধারণ এবং বাল্যবিবাহের মামলা পরিচালনায় আদালত ও ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার স্পষ্ট করার সুপারিশ করেছে তারা।
বয়সের বৈষম্যে তৈরি হচ্ছে আইনি অসংগতি
ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর করার পক্ষে যুক্তি তুলে ধরে ইউএনএফপিএ ও ইউনিসেফ বলেছে, ছেলে ও মেয়ের বিয়ের বয়সে এই বৈষম্য আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশের প্রচলিত আইনব্যবস্থার মধ্যেও এ কারণে অসংগতি তৈরি হচ্ছে।
উদাহরণ হিসেবে সংস্থা দুটি বলেছে, ১৮ বছর বয়সী একজন নারী যদি ২০ বছর বয়সী কোনো পুরুষকে বিয়ে করেন, তাহলে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ওই পুরুষ অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে তাঁর সঙ্গে বিয়ের কারণে ওই নারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
আইনের ৭(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ অপ্রাপ্তবয়স্ক কাউকে বিয়ে করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। জরিমানা অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধানও রয়েছে।
৭(২) উপধারা অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্যবিবাহ করলেও সর্বোচ্চ এক মাসের আটকাদেশ বা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। তবে আইনের ৮ ধারায় নির্ধারিত অপরাধে দণ্ড কার্যকর হলে অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষকে সাজা দেওয়া হবে না।
৮ ধারায় বলা হয়েছে, বাবা-মা, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তি বাল্যবিবাহের আয়োজন করলে, অনুমতি দিলে কিংবা অবহেলার কারণে তা বন্ধ করতে ব্যর্থ হলে তাঁদের সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।
এ ছাড়া ১৮ বছর বয়সী একজন পুরুষ ১৮৭৫ সালের সাবালকত্ব আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক। তিনি ভোট দিতে ও চুক্তি করতে পারেন। কিন্তু বাল্যবিবাহ নিরোধ আইনে বিয়ের ক্ষেত্রে তাঁকে ২১ বছর বয়স পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়টিকেও আইনি অসংগতির উদাহরণ হিসেবে তুলে ধরেছে সংস্থা দুটি।
বাল্যবিবাহ নিরোধে জাতীয় কর্মপরিকল্পনা পুনর্বিন্যাসের আলোচনা
এদিকে রোববার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ উদ্যোগে উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রতিশ্রুতি রক্ষা ও ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নিরোধে কার্যক্রম ত্বরান্বিতকরণ’ শীর্ষক এ আয়োজনে বাল্যবিবাহ নিরোধে জাতীয় কর্মপরিকল্পনা পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হয়। এতে সরকারের ২৫টি মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য তুলে ধরে জানানো হয়, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। ২০১৯ সালে এ হার ছিল ৫১ শতাংশ। এ ছাড়া ১৩ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই। আলোচনায় আইনের ১৯ ধারা পুনর্বিবেচনা এবং বাল্যবিবাহ প্রতিরোধে আইনি ফাঁকফোকর বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বিশিষ্ট নাগরিক, বেসরকারি সংস্থা (এনজিও), উন্নয়ন সহযোগীসহ সমাজের সব পর্যায়ের মানুষ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করলেই দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।
বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে। একই সঙ্গে এটি তাদের শিক্ষাজীবন ব্যাহত করে এবং অকাল গর্ভধারণের ঝুঁকি বাড়ায়।
বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি ইম্মানুয়েলে আব্রিউ বলেন, বাল্যবিবাহ বন্ধে মেয়েদের শিক্ষায় টেকসই বিনিয়োগ, শক্তিশালী শিশু সুরক্ষা ব্যবস্থা এবং পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা নিশ্চিত করা জরুরি।


























