রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি টিনের কৌটা থেকে ১১টি বোমা উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সিকদার বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
পুলিশ জানায়, খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া নেওয়া ঘরটি উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিকদার বাড়িতে শনাক্ত করা হয়। ওই ঘর থেকে আগে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।
রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ওই ঘরের পেছনে মাটির নিচে দুটি টিনের কৌটা পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে কৌটা খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখা যায়। কৌটাগুলোতে বোমা থাকতে পারে, এমন সন্দেহে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশি পাহারা বসানো হয়।পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ছোট-বড় মোট ১১টি বোমা উদ্ধার করেন।
ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া আরও বলেন, বোমাগুলো কারা রেখেছে এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে স্পর্শ না করে পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।



























