একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। একই সঙ্গে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরেক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
চাকরিচ্যুত ছয় কর্মকর্তা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান। আর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে।
প্রজ্ঞাপনগুলোর তথ্য অনুযায়ী, কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ধরন এক নয়। কারও বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও কাজে যোগদানের নির্দেশ অমান্যের অভিযোগ রয়েছে। আবার কারও বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
অনুপস্থিতির দায়ে বরখাস্ত প্রলয় ও নাজমুল
পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে কর্মরত থাকার সময় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন প্রলয় কুমার জোয়ারদার। কাজে যোগ দিতে একাধিকবার যোগাযোগ ও নোটিশ পাঠানো হলেও তিনি সাড়া দেননি। বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই কার্যকর করে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সাবেক ডিএমপি উপকমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ২৩ এপ্রিল তাঁর কাজে ফেরার কথা থাকলেও তিনি আর যোগ দেননি। তদন্তে তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তাঁর বরখাস্ত কার্যকর করা হয়েছে।
অনুসন্ধানে গিয়ে নারী-সন্তানকে আটকে টাকা দাবির অভিযোগ
এএসপি মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগের বিবরণ উঠে এসেছে প্রজ্ঞাপনে। এতে বলা হয়, ২০২১ সালের ২৩ আগস্ট তিনি দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দিনাজপুরে একটি অভিযোগ অনুসন্ধানে যান।
সেখানে লুৎফর রহমানকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রী জহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরে তাঁদের একজনের পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রেখে মোবাইল ফোনে টাকা দাবি করা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ সারোয়ার কবীর সোহাগকে সহযোগীদেরসহ আটক করে। বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, এএসপি মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে চিকিৎসার জন্য ছুটি নিয়ে কর্মস্থলে না ফেরার অভিযোগ রয়েছে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় ২-এপিবিএনে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার অনুমতি নেন। তবে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য দেন। চিকিৎসার কাগজপত্র জমা দিলেও কর্মস্থলে যোগ দেননি। তদন্তে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে তাঁর অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তারিখ থেকে বরখাস্ত করা হয়েছে।
নোটিশ পেয়েও ফেরেননি শামীম ও রুবাইয়াত
অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ছাড়েন। ১৮ সেপ্টেম্বর তাঁর কাজে ফেরার কথা থাকলেও তিনি যোগ দেননি। তাঁর সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও সাড়া মেলেনি। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাঁর বরখাস্ত কার্যকর করা হয়েছে।
একই প্রশিক্ষণকেন্দ্রের সুনামগঞ্জ শাখায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে নিজের দায়িত্ব বুঝে নিতে এবং তাঁকে অসুস্থ হিসেবে দেখাতে বলেন। পরে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের সিদ্ধান্ত বদলে বাধ্যতামূলক অবসর
এদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানের বিরুদ্ধে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি।
দীর্ঘদিনের অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় তদন্তের পর প্রথমে তাঁকে চাকরি থেকে বরখাস্তের প্রস্তাব করা হয়। তবে পরে শাস্তির ধরন পরিবর্তন করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে সাত কর্মকর্তার বিরুদ্ধে পৃথক অভিযোগ, বিভাগীয় তদন্তের ফল এবং শাস্তি কার্যকরের তারিখ উল্লেখ করা হয়েছে।























