নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জাতীয় সংসদে তীব্র উত্তেজনা ও হট্টগোল হয়েছে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রাথমিক তদন্তে পেট্রোলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে পেট্রোলবোমা ব্যবহারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
তবে মাগরিবের নামাজের বিরতির পর প্রশ্নোত্তর পর্ব শেষে আবারও পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেন নাহিদ। তিনি বলেন, মন্ত্রী অনেক ভিডিও ফুটেজ ও তথ্যের কথা বলেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া ভিডিও দেখলেই বোঝা যায়, বাইরে থেকে কিছু নিক্ষেপ করার পর মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
নাহিদের দাবি, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন বসবাস করতেন। আগুন লাগার সময়ও সেখানে মানুষ ছিলেন। তাঁর ভাষ্য, ওই ঘটনায় প্রাণহানিও ঘটতে পারত।
নাহিদ আরও বলেন, গত কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে তিনি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। ফলে অগ্নিকাণ্ডের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী শক্তির উল্লাস দেখা গেছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগও নিজেদের পক্ষ থেকে ঘটনার দায় স্বীকার করেছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে কার্যত তাদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, তাঁরা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানাবেন কত ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে। কিন্তু মন্ত্রী এসে পুরো বিষয়টি অস্বীকার করেছেন। একজন সংসদ সদস্য ও গণঅভ্যুত্থানের নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ভূমিকা কী, তা দেশের মানুষ দেখেছে।
এরপর বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি তথ্য-উপাত্তের ভিত্তিতে কথা বলছেন। আগের রাতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাটিকে পরিকল্পিত অগ্নিসংযোগ হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না। তিনি প্রশ্ন করেন, তদন্ত কি ইতিমধ্যে শেষ হয়ে গেছে?
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। তাঁদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় যদি একটু শুনেন খুশি হব। আপনারা পরে বক্তব্য রাখতে চাইলে স্পিকারের অনুমতি নিয়ে বলতে পারবেন।’
মন্ত্রী আবারও প্রাথমিক তদন্তে পেট্রোলবোমার আলামত না পাওয়ার কথা বললে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান। একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা চাইলে তিনি বক্তব্য বন্ধ করতে পারেন।
ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁকে বক্তব্য চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। কিছুক্ষণ বক্তব্য বন্ধ রেখে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হট্টগোল চলতে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে বসা সরকারি দলের এক সদস্যকে মাইক ছাড়া বলতে শোনা যায়, ‘একটা কথাও বলা যায় না, সালাহউদ্দিন ভাই একটা কথাও বলিয়েন না। এখন পোলাপানে বলুক, ওরা বেশি বাইড়া…।’
এ সময় এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসউদ ও মাহমুদা আলম মিতু দাঁড়িয়ে মাইক ছাড়া কথা বলতে থাকেন। ডেপুটি স্পিকার আব্দুল হান্নান মাসউদকে বসে পড়ার অনুরোধ জানিয়ে বলেন, এভাবে সংসদে কথা বলা সমীচীন নয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দিতে বাধা দেওয়া উচিত নয়; প্রয়োজনে পরে অন্য সদস্যরা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।
এরপর আবার বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আশা করেছিলেন, সংসদের নবীন সদস্যরা সংসদীয় সংস্কৃতি অনুসরণ করবেন। পেছনের সারিতে বসা এক সদস্য এ সময় ‘ইয়েস’ বলে সমর্থন জানান। পরে ঘটনার বিবরণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িটিতে দুটি ছাগল থাকার প্রসঙ্গ তুললে বিরোধী দলের সদস্যরা আবারও প্রতিবাদ জানান।
এ সময় এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে মাইক ছাড়া বলতে শোনা যায়, ‘হুমকি আমরা পাই, আপনারা পান না। তাই বুঝেন না।’ আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমরা নিয়মিত হুমকি পাই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও পেট্রোলবোমা নিক্ষেপ করা হলে তার চিহ্ন থাকার কথা। সেসব আলামত খতিয়ে দেখতে বলা হয়েছে। অন্য কোনোভাবে আগুন লাগলে তদন্তের পর তা জানা যাবে।
তিনি বলেন, ‘একটা দুঃখজনক ঘটনা হয়েছে। এখানে যদি কোনো রকমের নাশকতা থাকে, আগুন লাগানোর ঘটনা থাকে, তাহলে সেটি সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। যদি আগুন লেগে থাকে এক্সিডেন্টালি, সেটা তদন্ত রিপোর্টের পরে বলা যাবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, তদন্ত কেবল শুরু হয়েছে। কাউকে আগেভাগে দোষারোপ করতে চায় না সরকার। নাশকতার ঘটনা ঘটে থাকলে কিংবা ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকলে তদন্তে তা বেরিয়ে আসবে। তবে আগের মতো ঢালাওভাবে কাউকে দায়ী করতে চান না তাঁরা।
মন্ত্রী বক্তব্য শেষ করার পর আবার ফ্লোর চান নাহিদ ইসলাম। তবে তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এ সময় তাঁকে মাইক ছাড়া বলতে শোনা যায়, তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলে দিচ্ছেন।
পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, রাত ১টা ২০ বা ২৫ মিনিটের দিকে একজন সংসদ সদস্য তাঁকে ফোন করে অগ্নিকাণ্ডের খবর জানান। এরপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেও যোগাযোগ করতে পারেননি। পরে আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাঁদেরও পাননি।
ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা ঘটলে তা সবার জন্যই উদ্বেগের। দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের কথা জানিয়েছেন।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইনভেস্টিগেশনটা পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।’





















