মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

- সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রাত ২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাননি বলে জাতীয় সংসদে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন ডেপুটি স্পিকার।
কায়সার কামাল বলেন, কোনো সংসদ সদস্যের বাড়িতে কিংবা অন্য কোথাও এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাত ২টার দিকে আগুনের খবর পাওয়ার পর তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। কিন্তু যোগাযোগ করতে পারেননি। এরপর আইনমন্ত্রীকে ফোন করেও সাড়া পাননি। পরে জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।
তবে পরে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাঁকে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। এরপর দেখা যাবে, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।
তিনি আরও বলেন, সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে তা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এ বিষয়ে সংসদে আলোচনার সুযোগ তৈরি হওয়ায় সংশ্লিষ্টদের বক্তব্য শোনার সুযোগ হয়েছে।





















