সংসদ সদস্যদের নিরাপত্তা কোথায়, সরকারের কাছে নাহিদের প্রশ্ন

- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সরকার নিরাপত্তা দিতে না পারলে তা স্পষ্ট করে জানিয়ে দিক।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ধরে এসব কথা বলেন নাহিদ।
তিনি বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’
আক্রমণের লক্ষ্য কারা, তা স্পষ্ট উল্লেখ করে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’
আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচার প্রশ্নে সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তাঁর ভাষ্য, এ বিষয়ে সরকারের মধ্যে যে আপসকামী মনোভাব দেখা যাচ্ছে, সে বিষয়ে তারা সুস্পষ্ট জবাব আশা করেন।
নুসরাত তাবাসসুম এনসিপি ও ১১ দলীয় ঐক্যের মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। নাহিদ ইসলামের অভিযোগ, বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে তাঁর বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে।
তবে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। এ বক্তব্যের বিষয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, তিনি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি। ফরেনসিক পরীক্ষা ছাড়াই ওসি কীভাবে এমন মন্তব্য করলেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
দেশজুড়ে নাশকতা ও হামলার ঘটনা তুলে ধরে নাহিদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে। এর প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে বিবেচনা করা যাবে না—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ প্রশ্ন করেন, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না?
























