সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

- সংবাদ প্রকাশের সময় : ০৪:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সারাদেশে পরিচালিত সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব ইটভাটার বিরুদ্ধে আদালতের আগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারির পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সেগুলো অপসারণের নির্দেশ দেন। পরবর্তী সময়ে উচ্ছেদের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।
এরপর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন করে আগের আদেশ সংশোধনের অনুরোধ জানানো হয়। তবে অবৈধ ইটভাটা বন্ধ ও এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা বহাল থাকে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।
পরবর্তী সময়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে জিগজ্যাগ পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলোকে আদালতের নির্দেশনার আওতার বাইরে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আদেশ সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ বহাল রাখেন।
ওই আদেশের বিরুদ্ধে বিভিন্ন ইটভাটার মালিক একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও আপিল বিভাগের চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পরে আপিল বিভাগেও এসব আপিল খারিজ হয়ে যায়।
এদিকে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার মালিকরা আবারও কার্যক্রম শুরুর চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে আবেদন করে। এতে অবৈধ ইটভাটা অপসারণে আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়।
বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তা মঞ্জুর করেন। আদালত দেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বলা হয়।






















