পর্যটক ভিসার নতুন নাম ‘ভিজিটর ভিসা’, চিকিৎসা ও ব্যবসায়িক ভিসাতেও পরিবর্তন
ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, ১৩ ক্যাটাগরি কমে হচ্ছে ৯

- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার আনছে ভারত সরকার। নতুন কাঠামোয় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামানো হচ্ছে। একই সঙ্গে ভিসার আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা রয়েছে।
পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করাই এ সংস্কারের লক্ষ্য। নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘ভিজিটর ভিসা’। চিকিৎসা, শিক্ষার্থী ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও আসছে নতুন শ্রেণিবিন্যাস ও সুবিধা।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে এ সংস্কার কার্যক্রম শুরু হয়। নতুন কাঠামো তৈরির আগে বিভিন্ন উন্নত দেশের ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে ভারত সরকার।
পর্যটক ভিসার নাম হচ্ছে ‘ভিজিটর ভিসা’
নতুন নিয়মে পর্যটক ভিসার নাম বদলে ‘ভিজিটর ভিসা’ করা হচ্ছে। এ ভিসায় শুধু ভ্রমণ নয়, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
ভিজিটর ভিসাকে দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে।
ভি-১ ভিসা: এ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, সুস্থতা কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, হস্তশিল্প ও যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেওয়া যাবে।
ভি-২ ভিসা: তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য এ ভিসা দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এর মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে। এ ছাড়া পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর
চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশিদের ভিসা ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। প্রচলিত চিকিৎসা এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক ভিসার ব্যবস্থা থাকবে। নতুন কাঠামোয় চিকিৎসা ভিসার চারটি উপশ্রেণি নির্ধারণ করা হয়েছে।
- এম-১ ভিসা: আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য।
- এম-২ ভিসা: এম-১ ভিসাধারীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য।
- এম-৩ ভিসা: আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য।
- এম-৪ ভিসা: এম-৩ ভিসাধারীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য।
এম-১ ও এম-৩ ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর নির্ধারণ করা হয়েছে। এসব ভিসার ই-ভিসা সংস্করণেও একই মেয়াদ থাকবে। উভয় ক্ষেত্রেই একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ মিলবে।
ভারত সরকারের প্রত্যাশা, এ পরিবর্তনের ফলে দীর্ঘমেয়াদি চিকিৎসা, চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য বারবার ভারতে যাতায়াতকারী বিদেশি রোগীদের ভোগান্তি কমবে। একই কারণে নতুন করে বারবার ভিসার আবেদন করার প্রয়োজনও কমবে। দেশটির ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হচ্ছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য পৃথক ব্যবস্থা
শিক্ষার্থী ও গবেষকদের জন্যও নতুন ভিসা কাঠামো তৈরি করা হয়েছে। শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে।
এস-১ ভিসা: স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এ ভিসা দেওয়া হবে।
এস-২ ভিসা: পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বিজ্ঞানী, নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা এ ভিসার আওতায় আসবেন।
এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত ই-এস১ ভিসা দেওয়া হতে পারে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
ব্যবসায়িক ভিসায় নতুন শ্রেণিবিন্যাস
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি উপশ্রেণিতে ভাগ করা হচ্ছে।
বি-১ ভিসা: দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশিদের জন্য এ ভিসা।
বি-২ ভিসা: স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য এ ভিসা দেওয়া হবে। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত কাজ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত থাকবে।
ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারখানা স্থাপন ও চালু করা, মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা ও কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন।
এ ধরনের পেশাজীবীরা বি-২ শ্রেণির আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক ভিসা নিতে পারবেন। এ ভিসার জন্য ই-ভিসায় আবেদনের সুযোগও থাকবে। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল।
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা
বর্তমানে ভারতের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা এ সুবিধা পাচ্ছেন।
নতুন নিয়ম কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় পরিবর্তন আনার কাজ করছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন কাঠামোর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু হতে পারে।
সংস্কার কার্যকর হলে ভারতের ভিসার প্রধান শ্রেণি থাকবে ৯টি। এগুলো হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের নির্ভরশীল সদস্য এবং নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন। এ ছাড়া ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।
সব মিলিয়ে ভিসার শ্রেণি ও উপশ্রেণি কমানো, আবেদন ফরমের তথ্যের পরিমাণ হ্রাস এবং ই-ভিসার পরিধি বাড়ানোর মধ্য দিয়ে ভারতের ভিসাব্যবস্থাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পরই বোঝা যাবে, বাস্তবে বিদেশি নাগরিকদের ভিসা পাওয়ার প্রক্রিয়া কতটা সহজ হয়।





















