হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ঢাকা বিভাগে সংক্রমণ বেশি

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া এক হাজার ৩৮৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬৯ শিশু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারা দেশে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮৮০। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে শিশু ও প্রাপ্তবয়স্কসহ ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের উপসর্গ দেখা গেছে ঢাকা বিভাগে—৫৮৯ শিশুর মধ্যে। এরপর চট্টগ্রামে ২২১ এবং সিলেটে ১৯৯ শিশুর মধ্যে উপসর্গ পাওয়া গেছে।
এ ছাড়া ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রাজশাহীতে ৪৩ এবং রংপুরে ২৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৪ ও ২৫ মে এক দিনে হাম ও এর উপসর্গ নিয়ে ১৭টি করে শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়। ২৪ মে এক দিনে মারা যায় ১৬ শিশু। এরপর ২৩ সেপ্টেম্বর এক দিনে ১১ জনের মৃত্যুর তথ্য জানায় সংস্থাটি।





















